আফগানিস্তান নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে তালেবান বিদ্রোহী গোষ্ঠী। তাদের টার্গেট এবার দেশটির বিদ্যুৎ ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো। একের পর এক মোবাইল টাওয়ার ভেঙে ফেলা হচ্ছে। মাটির নিচের অপটিকাল ফাইবার সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করছে। বিদ্যুতের খাম্বাগুলো উপড়ে ফেলা হচ্ছে। সরকারের ডিজিটাল যোগাযোগব্যবস্থা ভেঙে দিতেই তাদের এ নতুন কৌশল। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এসব জানিয়েছে আলজাজিরা।
যুদ্ধবিধ্বস্ত দেশটির তথ্যপ্রযুক্তিতে সাফল্যের গল্প সবেমাত্র শুরু হয়েছিল। ২০১২ সালে ইউএসএইডের রিপোর্ট অনুযায়ী টেলিকমিউনিকেশন খাত থেকে দেশটি বছরে আয় করে প্রায় ১৪০ মিলিয়ন মার্কিন ডলার, যা তাদের মোট রাজস্বের ২২ শতাংশ। ২০২১ সালের মধ্যে প্রায় এক কোটি ৩০ লাখ আফগান ইন্টারনেট ব্যবহার করছিলেন। এ অবস্থায় ২০ বছরে তিলে তিলে সমৃদ্ধ এ খাতটি তালেবানদের হুমকির মধ্যে রয়েছে। এটিকে ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছে তারা।
গত তিন মাসে দেশটির তথ্যপ্রযুক্তি অবকাঠামোগুলোতে টানা হামলা চালিয়েছে তালেবানরা। সারা দেশে ২৮টি টেলিকম অ্যান্টেনা (মোবাইল টাওয়ার) পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আরও ২৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা দেশের ডিজিটাল এবং মোবাইল যোগাযোগ পরিষেবাগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সবচেয়ে বড় হামলা চালিয়েছে ৫ জুলাই। এদিন ইরানের সীমান্তবর্তী শহর ইসলাম কালার ফাইবার অপটিক ডিভাইস এবং সিস্টেম সরঞ্জাম উড়িয়ে দেয়। বৈদ্যুতিক কাঠামোর অবস্থা আরও নাজুক। খোদ রাজধানী কাবুলেই বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। গত ছয় মাসে আমদানি করে আনা বিদ্যুতের মারাত্মক ক্ষতিসাধন করেছে তালেবান। বেশ কিছু পাওয়ার স্টেশন গুঁড়িয়ে দিয়েছে তারা। বিদ্যুতের অভাবে অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানকে শুধু বাহ্যিক দিক থেকে নয়, অন্তর্গত দিক থেকেও অন্ধকারে ঠেলে দিচ্ছে তালেবানরা।
আফগানিস্তানে মার্কিন মিশন ব্যর্থ : আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন ব্যর্থ হয়েছে। শুক্রবার উজবেকিস্তান সফরকালে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় দশক পর আফগানিস্তান থেকে সব সেনা ফিরিয়ে নিচ্ছে ন্যাটো। বিদ্যুতের গতিতে আফগানিস্তানের দখল নিচ্ছে তালেবান। এএফপি।
আশ্রয় চাইছে বিশ হাজার দোভাষী : প্রায় ২০ হাজার আফগান দোভাষী যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান হোয়াইট হাউজ প্রেস সচিব জেন সাকি। শিগগিরই এদের অনেককেই যুক্তরাষ্ট্রে নেওয়া হবে বলেও ফের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়াধীন থাকা আফগানদের ফ্লাইট শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051