বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ভ্রান্তিকর, অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যমূলক বলে মনে করে যুবদল। সংগঠনটি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে বিএনপি ও তারেক রহমান সম্পর্কে কথা বলার সময় জাফরুল্লাহকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু যৌথভাবে এই আহ্বান জানান।
যুবদল নেতৃদ্বয় বলেন, তারেক রহমান উড়ে এসে জুড়ে বসেন নাই। গৌরবময় এক রাজনৈতিক পরিবারে তার জন্ম। তার বাবা-মা একই সাথে একটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও আর্থসামাজিক পরিবর্তনে যে অসামান্য অবদান রেখেছেন-দুনিয়ার ইতিহাসে তা বিরল।
তারা বলেন, তারেক রহমান রাজনীতি শুরু করেছেন তৃণমূল থেকে। তিন যুগ আগে বগুড়ার গাবতলী থানার সদস্যপদ দিয়ে তার শুরু। তারপর অনেক ঘাত-প্রতিঘাত ও সময়ের সিঁড়ি বেয়ে তিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন প্রাজ্ঞ ও পরিশীলিত রাজনীতিবিদ। তার নেতৃত্বে বিএনপি এখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ঐক্যবদ্ধ এবং তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল। দীর্ঘ পথ পরিক্রমায় তিনি অনেক নিষ্ঠুর অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছেন। এর মধ্যে তার প্রাণনাশের পরিস্থিতিও ছিল- এখনো তাকে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য করা হচ্ছে।
যুবদল নেতৃদ্বয় বলেন, প্রমাণিত সত্য যে, তারেক রহমানই বর্তমান শাসকগোষ্ঠীর আতঙ্ক ও গাত্রদাহের কারণ। মূলত ১/১১ থেকে রাজনীতিকরণের যে অশুভ প্রক্রিয়া শুরু হয়েছে- জিয়া পরিবার ও তারেক রহমান তার প্রধান টার্গেট। বাংলাদেশের রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করা গেলেই- তাদের ষোলোকলা পূর্ণ।
সে জন্য টার্গেট করে, পরিকল্পনা করে তার গিবত ও তার চরিত্রহনন তাদের প্রধান কাজ। তার তুমুল জনপ্রিয়তা তাদের এই ভীতির প্রধান কারণ। দুর্ভাগ্যজনক হলো- বুঝে বা না বুঝে শাসকগোষ্ঠীর সেই ফাঁদে জড়িয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। প্রায়শই তিনি তারেক রহমানকে অসম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। অথচ এটা তার কোন এখতিয়ারের মধ্যে পড়ে না। তার এই ধরনের বক্তব্যে দলের সর্বস্তরের নেতা কর্মী ও দেশের মানুষ আজ আহত, বিরক্ত ও বিক্ষুব্ধ। যুবদল মনে করে, জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্য ভ্রান্তিকর, অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যমূলক।
তারা বলেন, জনাব চৌধুরী একজন সম্মানিত মানুষ, এ দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান আছে। সে জন্য যুবদল আশা করে- বাস্তবতা উপলব্ধি করে দ্রুতই তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং ভবিষ্যতে বিএনপি ও তারেক রহমান সম্পর্কে কথা বলার সময় সতর্ক ও যত্নবান হবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051