বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় আজ বুধবার।
দুদকের আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষে গত ২৭ জুলাই ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায়ের এই দিন ধার্য করেন। এই মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
দুদকের করা এই মামলায় তারেক ও জোবাইদাকে পলাতক দেখিয়ে বিচারকাজ চলেছে।
এই দম্পতি দেড় দশক ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। এই মামলায় তাঁদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ‘দুদকের পক্ষে আমি এ মামলায় ৪২ জন সাক্ষী হাজির করেছি। অভিযোগের পক্ষে আলামতসহ তথ্য-উপাত্ত হাজির করেছি।
আমি মনে করি, মামলাটি আমি প্রমাণ করতে পেরেছি। যে কারণে আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি ১৩ বছরের কারাদণ্ড চেয়েছি। আশা করি, রায়ে দুই আসামিকে সর্বোচ্চ শাস্তিই দেবেন আদালত।’
তবে মামলাটিকে রাজনৈতিক জিঘাংসা বলছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল।
তিনি জানান, তড়িঘড়ি করে মাত্র ১৬ দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এ মামলায়। রাত ৮-৯টা পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারের এই ধাপগুলো বিবেচনা করলে বোঝা যায় তড়িঘড়ি করে রায় দেওয়াটাই মুখ্য বিষয়।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জহিরুল হুদা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051