আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে চলমান টেস্টে বিশেষ লক্ষ্য নিয়েই নাকি খেলছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার সাকিব ৯৪ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হওয়ার পর তার ব্যক্তিগত লক্ষ্যের কথা প্রকাশ্যে আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেছেন, আমাকে সাকিব আগেই বলেছিল, সে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরান করতে চায়। ওকে আমি বলেছি- ‘এসব চলবে না। আগে অর্ধশত রান করো। তাড়াহুড়ো করার দরকার নেই। সাকিব অবশ্য ভালো ব্যাট করেছে। একটুর জন্য (৯৪ বলে ৮৭ রান) শতরান মিস করেছে।’
সাকিব চেয়েছিলেন তামিম ইকবালের রেকর্ড ভেঙে দিতে। দেশ সেরা ওপেনার তামিম ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৯৪ বলে টেস্ট সেঞ্চুরি করেন। তামিমের সেই ইনিংসটিই দেশের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তামিমের সেই রেকর্ডটি নিজের করে নিতে চেয়েছিলেন সাকিব কিন্তু অল্পের জন্য হলো না।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিব মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন।
এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ভেবেছিলাম আজ দুটি সেঞ্চুরি দেখতে পাব। একটা হলো, আরেকটা হলো না। আমি সব সময় বলি মুশফিকুর রহিম আমাদের সেরা ব্যাটসম্যান। মাঝে কিছুদিন সে রান করতে পারেনি। জানতাম ঠিক রানে ফিরবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরির পর টেস্টেও শতরান হাঁকাল সে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল যেভাবে খেলছে, তার প্রশংসা করেছেন পাপন। মেনে নিয়েছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এখনো অনেক উন্নতি করতে হবে।
তবে টেস্টে মাত্র ৫৪ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম। ৫৬ বলে সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভ রিচার্ড। সমান বলে সেঞ্চুরি হাঁকান পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051