টি-টোয়ন্টি বিশ্বকাপে যাওয়ার আগে এই ফরম্যাটে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। একটি জিম্বাবুয়ের মাটিতে, আর বাকি দুটি দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে। টানা জয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাস টগবগ করে ফুটছে। কিন্তু বাস্তবতা হলো, মিরপুর শেরেবাংলার পিচে আত্মবিশ্বাস পাওয়া ছাড়া আর কোনো প্রস্তুতি হয়নি। বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া তামিম ইকবালও মনে করেন, এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে স্পোর্টিং উইকেটে খেলা প্রয়োজন ছিল।
আজ রবিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো 'চিলিং উইথ রাসেল'-এ তামিম ইকবাল বলেন, 'আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আমরা ম্যাচ জিতেছি, বড় দলগুলিকে হারিয়েছি। তবে আদর্শ হতো, যদি সত্যিই স্পোর্টিং উইকেটে কয়েকটি ম্যাচ খেলতে দেখতাম দলকে। কারণ, বিশ্বকাপে খেলা হবে ভিন্ন ব্যাপার। ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ, আমি তাতে একমত। বিশ্বকাপে যে ধরনের উইকেটে খেলতে হবে, সেসবের সঙ্গে মিল থাকলে ভালো হতো।'
বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য বাছাইপর্ব অতিক্রম করাও কঠিন হবে বলে মনে করেন তামিম, 'প্রথম বাধা আমাদের যে কোনোভাবে পার হতে হবে, যেটা হলো বাছাইপর্ব। ওমান, স্কটল্যান্ডের মতো ছোট দলগুলি কখনও কখনও খুব ট্রিকি হয়। শুরুটা ভালো করতে হবে আমাদের। ইতিহাস বলে, শুরু ভালো করলে বাংলাদেশ গোটা টুর্নামেন্ট ভালো করে। শুরুটা ভালো না হলে সমস্যা। মনে রাখতে হবে, আইপিএল চলছে। উইকেটগুলো তাই ক্লান্ত থাকবে। স্পিনারদের যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, আমরা অবশ্যই ভালো করব বলে আমি মনে করি।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051