করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে স্থানান্তর করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তাঁর করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হলেও ড. হাছান মাহমুদ শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন।
আজ সকালে স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. রায়হান রব্বানী। বিকেলে মন্ত্রীকে স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন।
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ লেখেন, ‘এটি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভালো বোধ করছি। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ সর্বশক্তিমান, আমাদের সবাইকে এবং আমাদের দেশকে মঙ্গল করুন।’
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051