প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা কিছুদিন বিদেশিদের পেছনে ঘুরেছে। তত্ত্বাবধায়ক ইস্যুতে তারা বিদেশিদের কাছ থেকে কোনো সায় পায়নি বলেও জানান তিনি।
গত সোমবার রাতে ইতালিতে বসবাসরত দোহার-নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার নতুন নতুন বিমান কিনছে, আশা করা হচ্ছে রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরতে হবে। দেশে একটা পক্ষ আছে যারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না।
তারা চায় বাংলাদেশ আবারও পাকিস্তানের মতো হয়ে যাক।
সালমান এফ রহমান বলেন, বিএনপি বিভিন্ন উছিলায় ভোটে আসতে চায় না, তাদের দাবি মেনে না নিলে তারা নাকি দেশে ভোট হতে দেবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা সম্ভব নয়। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে।
উপদেষ্টা জানান, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করে কাজ করছে, ইতালি সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইতালিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার আহ্বান জানান। যাতে বাংলাদেশিরা দেশ থেকে ইতালি ভাষা শিখে দেশটিতে আসতে পারেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051