নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে নিহত ৪৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে তিনটি অ্যাম্বুলেন্স ও দুটি ফায়ার সার্ভিসের গাড়িতে একে একে মরদেহগুলো ঢামেক মর্গে আনা হয়। সর্বশেষ অ্যাম্বুলেন্সটি ঢামেকে পৌঁছে শুক্রবার সোয়া ৩টার দিকে।
শুক্রবার দুপুরে কারখানার ভেতর থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) পরীক্ষার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আগের দিন বৃহস্পতিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, স্বপ্না আক্তার (৪৫), মীনা আক্তার (৪১) ও মোরসালিন (২৮)। এ নিয়ে মোট ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিশু। আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস জানায়, সাত তলা ভবনের ছয় তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ভবনে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সকাল ৬টার দিকে কারখানার চারতলায় আবারও আগুন বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণের আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক সমকালকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার নিচতলায় আগুন লাগে। আগুন ক্রমাগত বাড়তে শুরু করে। এ সময় পুরো ভবন অন্ধকার হয়ে যায়। কেউ কেউ ছাদে আশ্রয় নেন। অনেকে লাফ দেন ছাদ থেকে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051