ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক অধ্যাপকের বিরুদ্ধে উঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন- আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান, সিন্ডিকেট সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ ও সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।
দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি নিজ কক্ষে ডেকে নিয়ে একই ইনস্টিটিউটের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে ওই অধ্যাপকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীরা গতকাল বুধবার ওই অধ্যাপকের ক্লাস বর্জন করে তাঁর কক্ষে তালা দেন।
এ সময় তাঁর কক্ষের দরজায় ‘যৌন নিপীড়ক’ লিখে দেওয়া হয়। একই দিন দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে অভিযুক্ত অধ্যাপক যৌন হয়রানি করে আসছিলেন জানিয়ে তদন্ত সাপেক্ষে তাঁর বিচার দাবি করেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051