ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাশে নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার থেকে ইট পড়ে তাওসিফ মাহির (২২) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রিকশায় যাওয়ার পথে নীলক্ষেত এলাকার নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহিরের সহপাঠীরা জানান, মাহির বুয়েটের কেমিকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী। তিনি কাজী নজরুল ইসলাম হলে থাকেন। তার বাবার নাম তাজদীক মামুন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের খুলশী পাহাড়তলী ফ্লোরা পাস রোডে।
আহত মাহিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া জানান, নীলক্ষেত থেকে পলাশীর দিকে যাওয়ার সময় দক্ষিণ নীলক্ষেতে রোডের পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে কয়েকটি ইটের টুকরো রাস্তায় ও রিকশার যাত্রী মাহিরের মাথায় পড়তে দেখেন তারা। মাথায় একটি ইট পড়ে গুরুতর আহত হয় মাহির। সেখান থেকে তাকে একটি রিকশায় তুলে প্রথমে বুয়েটের গেটে নিয়ে যাওয়ার পর তার (মাহির) সহপাঠীদের খবর দিয়ে ওই মুহূর্তেই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051