রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়োগের প্রজ্ঞাপনটি আজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ (চার) বছর। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
মো. আবদুল হাছিব বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হলেন। তার এই নিয়োগের মাধ্যমে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে ধারনা করা হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051