
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের মারধরে আহত হয়েছেন আমির হামজা (৯) নামের এক মৃত শিশুর মা। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসারের কক্ষের সামনে এই ঘটনা ঘটে। মারধরে আহত লিপিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামজার বাবা মো. লিটন মিয়া বলেন, ‘হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল হামজা। সন্ধ্যার দিকে চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। আমরা মনে করেছি, আমাদের সন্তান মরেনি। চিকিৎসার জন্য তাকে আমরা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করি।
জরুরি বিভাগের গেট দিয়ে বের হতেই আনসার সদস্যরা বাধা দেন এবং চারদিকের গেট আটকে দেন। এ নিয়ে তাঁদের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন আনসার সদস্য আমার স্ত্রী লিপিকে অস্ত্র দিয়ে আঘাত করাসহ কিল-ঘুষি মারেন। এমন পরিস্থিতিতে আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করেন আনসার সদস্যরা।’
আহত লিপি আক্তার বলেন, ‘আমার ছেলেকে আমি নিয়ে যাব, আনসার সদস্যরা কেন বাধা দেবেন? এটা বলাতে তারা আমাকে মারধর করেছেন। আমি এর বিচার চাই।’
জরুরি বিভাগে থাকা কয়েকজন রোগীর স্বজন বলেন, একজন নারীর গায়ে হাত তুলেছেন আনসার সদস্যরা। এটা কখনোই মেনে নেওয়া যায় না। একে তো তাঁর ছেলে মারা গেছে, এমন পরিস্থিতিতে তাঁর মাথা ঠিক থাকার কথা না।
লিটন মিয়া জানান, তাঁদের বাসা তেজগাঁও শিল্পাঞ্চল কুনিপাড়া এলাকায়। তাঁর একমাত্র ছেলে আমির হামজা গত ১৯ মার্চ সকালের দিকে পূর্ব নাখালপাড়া এলাকায় একটি কারখানার টিনের ছাদে ঘুড়ি ধরতে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আনসার কমান্ডার (পিসি) মো. মিজানুর রহমান বলেন, জরুরি বিভাগের মৃত শিশুর স্বজনদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদি কোনো আনসার সদস্যদের বিরুদ্ধে নারীকে মারধর করার প্রমাণ মেলে, তবে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ