
ঢাকা মেডিক্যাল হাসপাতালের (ঢামেক) ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে এক রোগীর স্বজন। অজ্ঞান পার্টির খপ্পরে অচেতন ওই নারীর নাম মরিয়ম বেগম (৬৫)। ওই নারীর স্বজনরা দাবি করেছেন অচেতন করে মরিয়মের কানের দুল ও গলার চেইন নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
আজ শনিবার বিকেলের দিকে হাসপাতালে ২১২ নম্বর গাইনি ওয়ার্ডের ভেতরের বারান্দায় এই ঘটনাটি ঘটে। পারিবার জানায়, অচেতন মরিয়মের মেয়ে সাথী সন্তান সম্ভবার কারণে গত বুধবার ওই ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার তাকে দেখাশোনা করার জন্য মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা থেকে মা মরিয়ম বেগম হাসপাতালে আসেন।
সাথীর বোনজামাই হারুন-অর-রশিদ জানান, বিকেলের দিকে ওই ওয়ার্ডের বারান্দায় পাটি বিছিয়ে বসেছিলেন তার শ্বাশুড়ি মরিয়ম বেগম। পাশে অন্যান্য রোগীর স্বজনরা ছিলেন। দুই নারী এসে আমার শাশুড়ির সঙ্গে নিজে থেকেই কথা বলছিল। এক পর্যায়ে শ্বাশুড়িকে বলে পান খান। পরে পান খাওয়ার পর চুল আছড়ে দেয়।
অল্প কিছুক্ষণ পরেই আমার শ্বাশুড়ি অচেতন হয়ে পড়েন। তখন নারী দুজন সবার অগোচরে আমার শ্বাশুড়ির কান থেকে সোনার দুটি দুল ও গলায় থাকা চেন নিয়ে যায়। ঘটনার সময় আমার শ্বাশুড়ির পাশে আমি ছিলাম না। আশেপাশের লোকজনের কাছ থেকে এসব ঘটনা শুনেছি।
এ সম্পর্কে হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ২১২ ওয়ার্ড হচ্ছে হাসপাতালের ভেতরে। ওখানে আনসার সদস্যরা রাতদিন ২৪ ঘণ্টা ডিউটি করে। তাদের স্বজনকে বলেছি শাহবাগ থানায় একটা জিডি করতে। জিডির পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরা দেখে অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত করা যাবে।’
তিনি আরো বলেন, ঘটনার পরপরই অচেতন মরিয়ম বেগমকে জরুরি বিভাগে ডাক্তারকে দেখিয়ে তাদের পরামর্শে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। সে এখনো অচেতন অবস্থায় আছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ