মুন্সিগঞ্জের শ্রীনগরে ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন ছাত্রলীগের পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় গত ১৫ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিল করার দাবিতে নানা রকম স্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
রোববার (১৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় ঢাকামুখী লেন প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন নেতাকর্মীরা। ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।
শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাব্বির নেতৃত্বে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এ সময় পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করেছেন। তারা দ্রুত এই কমিটি ভেঙে দেওয়ার আহ্বান জানান। পূর্বঘোষিত কর্মসূচি পুরোপুরি শেষ করার আগে পুলিশ তাদের রাস্তা ছাড়তে বাধ্য করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মানবন্ধনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে তারা দৌড়ে রাস্তা ছেড়ে চলে যায়।
বেলা আড়াইটার দিকে একই স্থানে সদ্য ঘোষিত শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান ও সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্সের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, বারবার আহ্বান করার পরও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলন করতে ব্যর্থ হয়। তাই সংগঠনকে গতিশীল করার জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে যারা পদ পায়নি, তারা এখন নানা অভিযোগ করছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051