টাঙ্গাইলের বাসাইলে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ুন কর্ণায়েন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি স্থানে দুর্ঘটনা ঘটায় উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের গতি কমে যায়। এ সময় ‘বাংলা স্টার’ বাসটির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে এলেও বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051