রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলের এ দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন। নিহত মাহমুদুল হাসান রোহিত (১৮) গুলিস্তানে একটি দোকানের কর্মচারী ছিলেন।
পথচারী মাসুদ রানা জানান, হানিফ ফ্লাইওভারের পোস্তগোলার তিন রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলসহ রাস্তায় দু'জনকে পড়ে থাকতে দেখে তারা কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন। আহত শেখ মারজানের (১৯) কাছ থেকে ঠিকানা নিয়ে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা দু'জন বন্ধু ছিলেন।
নিহতের ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে। রোহিত দুপুরের নামাজ শেষে বন্ধু মারজানের মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে তারা দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার ভাইকে মৃত অবস্থায় পান।
আহত মারজানের স্বজন সাজ্জাদ হোসেন জানান, মারজানের বাসাও শহীদ ফারুক সড়কে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। চিকিৎসাধীন মারজানের অবস্থাও গুরুতর। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051