ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় বাধা দেওয়ায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।রোববার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের ঘোষকান্দা গ্রামে প্রবাসী ইসলাম মিয়া ও তার প্রতিবেশী চাচাতো ভাই সানাউল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে একদল ডাকাত বারান্দার গ্রিল কেটে ইসলাম মিয়ার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ ২০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
এরপর ডাকাত দল ইসলাম মিয়ার প্রতিবেশী ও চাচাতো ভাই সানাউল্লার বাড়িতে প্রবেশ করলে তারা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে চাচা চান মিয়া ও আলিনুর বাইরে আসলে তাদের রড দিয়ে মাথায় আঘাত করে ডাকাতরা। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেললে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ডাকাতের ছোড়া গুলিতে আহত হয়েছেন কাউসার, সুরত আলী, রিপন ও মিজান নামে চার গ্রামবাসী। এছাড়া ডাকাতের রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রোকসানা, আলিনুর ও চান মিয়া। ইসলাম মিয়া ও তার দুই মেয়ে সুইটি ও তানহা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই আছেন।
ভুক্তভোগী ইসলাম মিয়া বলেন, ঘোষকান্দা এলাকায় আমার বাড়ির সীমানা প্রাচীর টপকে ৮/৯ জনের একটি ডাকাত দল দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে। সেখানে এক ঘণ্টা যাবত অবস্থান করে চার লাখ ২০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যায়।
অপর ভুক্তভোগী সানাউল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির টহলরত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও সোমবার সকালে এসআই জুলফিকার বাড়ির সিসি ফুটেজ নিয়ে গেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051