
শুক্রবার ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুপক্ষের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি হাফেজ রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সাত্তারের বড় ছেলে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ শনিবার সন্ধ্যায় বলেন, ঢাকায় নিহত ওই যুবকের বাড়ি নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে বলে শুনেছি। তবে অফিসিয়ালি কোনো কিছু এখনো জানেন না বলে জানান।
এদিকে নিহত রেজাউল করিমের মৃত্যু খবর শনিবার জানার পর তার বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতের বাবা আব্দুস সাত্তার। আর বুক চাপড়ে বিলাপ আর আহাজারি করে কান্না করছেন তার মা রেনু বেগম।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হাফেজ রেজাউল করিম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। হাফেজ রেজাউল করিম ঢাকার যাত্রাবাড়ী একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগে ছাত্র ছিলেন।
ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ঢাকা যাত্রাবাড়ীর ওই মাদ্রাসায় পড়ালেখা করতে যান হাফেজ রেজাউল করিম। তার দুই ভাই ও তিন বোন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ