
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইসতিয়াক হোসেন খাঁন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. হৃদয় বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক ওই বৃদ্ধকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিউলি বেগম বলেন, আমার স্বামী নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আজ ঢাকায় আসেন। পরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থা দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
ভিন্নবার্তা/এমএসআই