রাজধানীর ফকিরাপুল এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে নুরুজ্জামান (৪৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, দুপুরের দিকে সংবাদ পেয়ে ফকিরাপুলের গরম পানি গলি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে নুরুজ্জামান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান আরও আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওই বাড়ির কেয়ারটেকার লোকমান হোসেনের ছেলে হারেজ জানান, দ্বিতীয় তলা বাড়িটি এক ব্যক্তি ভাড়া নিয়েছেন। তিনি মেস হিসেবে বেশ কয়েকজনকে ভাড়া দিয়েছেন। এর মধ্যে নুরুজ্জামান একজন। তিনি সিট ভাড়া নিয়ে এখানে থাকতেন।
তিনি আরও জানান, ঈদের ছুটিতে মেসের সবাই বাড়ি গেলেও নুরুজ্জামান এখানেই ছিলেন। সকাল থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
মৃত নুরুজ্জামানের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায় বলে জানা গেছে। তিনি সাইনবোর্ড লাগানোর পাশাপাশি আরও দুই-একটি কাজ করতেন বলেও জানা গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051