দেশের ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার উৎপাদন ও সাইনেজ প্রযুক্তি খাতের আধুনিকায়ন, উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হবে ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
এফ টাচ ইভেন্টস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিতব্য এই তিন প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আধুনিক পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হবে।
আয়োজকদের তথ্যমতে, প্রদর্শনীতে উৎপাদনকারী, সরবরাহকারী, আমদানিকারক, উদ্যোক্তা, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, প্রকৌশলী, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। একই ছাদের নিচে কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জার সামগ্রী, লাইটিং, ফার্নিচার, দরজা, ফার্নিচার ফিটিংস, পর্দা, হোম অটোমেশন এবং ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যারসহ বিভিন্ন প্রযুক্তি ও পণ্য দেখা যাবে।
তিনটি প্রদর্শনীর মধ্যে ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’-এ গুরুত্ব পাবে আধুনিক কিচেন সলিউশন, ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার, কার্টেন, হোম অটোমেশন ও লাইফস্টাইল পণ্য। এ প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন। প্রতিষ্ঠানটি তাদের আধুনিক মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, প্রিমিয়াম কাউন্টারটপ, সিন্টারড স্টোন, আন্তর্জাতিক মানের কিচেন ফিটিংস, অ্যাপ্লায়েন্স ও স্টোরেজ সলিউশন প্রদর্শন করবে।
মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত ইমরান খান বলেন, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দক্ষ জনবল ও নিজস্ব উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। মাই কিচেন শুধু মানসম্মত পণ্য উৎপাদন নয়, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট শিল্পকে আন্তর্জাতিক মান ও পরিচিতিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও কাজ করছে। এ প্রদর্শনী নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।
অন্যদিকে, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’-এ ফার্নিচার উৎপাদনের সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ এবং কাঠ ও ধাতুপ্রযুক্তির বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে। এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশন (এমটিএস)। ফার্নিচার, দরজা, ইন্টেরিয়র ও কিচেন ক্যাবিনেট প্রস্তুতকারীদের জন্য আধুনিক যন্ত্রপাতি ও উৎপাদনপ্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ থাকবে।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নঈমুল হোসেন খান বলেন, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬ উডওয়ার্কিং ও ফার্নিচার খাতের জন্য একটি চমক হতে যাচ্ছে। আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী, শিক্ষার্থী ও অভিজ্ঞদের মিলনমেলায় পরিণত হবে এ প্রদর্শনী।’
তিনি আরও জানান, ফার্নিচার খাতে সিএনসি প্রযুক্তি ও ফার্নিচার ডিজাইনে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাদের কাজের স্বীকৃতি দিতে আয়োজন করা হয়েছে একটি ডিজাইন প্রতিযোগিতা। তিনটি বিভাগে বিজয়ীদের জন্য যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। ২১ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন মেলা প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ করা হবে।
এদিকে, ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’-এ সাইনেজ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য প্রদর্শিত হবে। এতে চীন ও বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, এ প্রদর্শনীতে ইন্টেরিয়র প্রযুক্তি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজের পাশাপাশি ইন্টেরিয়র খাতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হবে। এসব প্রযুক্তি দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার দেবে।
আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রদর্শনীগুলোর উদ্বোধন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম এম জসিম উদ্দিনের।
প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হবে না।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051