
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফাসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল ( শনিবার) ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। গত ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার লক্ষ্যে শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
গণমিছিলের রোডম্যাপ:
বিএনপির দফতর থেকে জানা গেছে, গণমিছিলটি শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ২ টা ৩০ মিনিট ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হবে। এখান থেকে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-মিছিল পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য রাখবেন স্হায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতারা।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এ ছাড়া আরও কয়েকটি দল আলাদাভাবে আন্দোলন করছে।
ভিন্নবার্তা/এমএসআই