ইউক্রেনের ড্রোন ‘মৌমাছির’ হামলায় নাকাল রুশ বাহিনী। মৌচাকের মতো দল বেঁধে ড্রোনগুলোর অতর্কিত হামলায় ইতোমধ্যেই থমকে গেছে পুতিন বাহিনীর কিয়েভযাত্রা। ৩০ সৈন্যের এক বিশেষ আইটি ফোর্সের অধীনে চালানো এই শক্তি এখন ইউক্রেনের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই ড্রোনের সরবরাহ বাড়াতে নাগরিকদের কাছ থেকে তহবিল সংগ্রহে নেমেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দি গার্ডিয়ান।
২০২০ সালে নাগোরনো-কারবাখ সংঘাতে তুরস্কের তৈরি বায়রাখতার টিবি-২ ড্রোন আর্মেনিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করেছিল আজারবাইজান। আর এবার সেই পথটাই বেছে নিয়েছে ইউক্রেন। তাদের হাতে এ ধরনের ড্রোন রয়েছে কমপক্ষে ১২টি। ধারণা করা হচ্ছে, তাদের কাছে আরও ৩৬টি অতিরিক্ত ইউনিট থাকতে পারে। রুশ হামলার শুরু থেকেই এর কার্যকর ব্যবহার দেখিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। প্রথম সপ্তাহের মধ্যেই উত্তর দিক থেকে আসা কিয়েভমুখী ৪০ মাইল দীর্ঘ রুশ যুদ্ধবহরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল অতর্কিত ড্রোন হামলা। কোয়াড বাইকে চড়ে ৩০ জন ইউক্রেনীয় বিশেষ আইটি ফোর্স এবং ড্রোন অপারেটররা সিরিজ হামলা করে তাদের পিছু হটতে বাধ্য করেছিল বলে জানিয়েছেন ইউক্রেনীয় একজন কমান্ডার।
ড্রোন অপারেটররা এয়ারোজভিদকা ইউনিটের একটি অংশ- যারা আট বছর আগে স্বেচ্ছাসেবক আইটি বিশেষজ্ঞ এবং শখের একটি দল হিসাবে তাদের নিজস্ব মেশিন ডিজাইন করতে শুরু করেছিল। বর্তমানে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর অবিচ্ছেদ্য অংশ।
ইউক্রেনের পশ্চিমা সমর্থকরা হাজার হাজার অ্যান্টি-ট্যাংক এবং অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করলেও, এররোজভিডকাকে তহবিল সংগ্রহের জন্য জনসাধারণের দ্বারস্থ হতে হয়েছে। উন্নত মডেম এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ইত্যাদি ইউক্রেনে রপ্তানি নিষিদ্ধ রয়েছে। তাই এসব পেতে দলটিকে নির্ভর করতে হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমের ওপর।
ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়ারোস্লাভ হোনচার, ইভানকিভ শহরের কাছে অতর্কিত হামলার একটি বিবরণ দিয়েছেন। তিনি বলেন, ‘সেই সময়ে কোয়াড বাইকে করে ইউক্রেনীয় যোদ্ধারা যেভাবে রুশ আক্রমণ থামিয়ে দিয়েছিল-তা সত্যিই বিস্ময়কর এবং দুঃসাহসিক। যোদ্ধারা চেরনোবিলের দিক থেকে দক্ষিণে কিয়েভের দিকে যাওয়ার রাস্তার দুপাশের বনের মধ্য দিয়ে রাতে অগ্রসরমান রাশিয়ান অবস্থানের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছিল।’
ইউক্রেনের সৈন্যরা নাইট ভিশন গগলস, স্নাইপার রাইফেল, দূর থেকে বিস্ফোরিত মাইন, থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে সজ্জিত ড্রোন এবং ছোট ১.৫ কেজি ওজনের বোমা ও অন্যান্য সরঞ্জামে ভর্তি ছিল তাদের কোয়াড বাইকগুলো।
হোনচার বলেন, ‘রাতে এই একটি ছোট ইউনিট এই রাশিয়ান সেনাবহরের সামনের সারির কয়েকটি গাড়ি ধ্বংস করে। পরের দুই রাতে তারা আরও কয়েকটি যান ধ্বংস করেছে।’ তিনি জানান, রাজধানীতে রুশ আক্রমণ ঠেকাতে ছোট ছোট কয়েকটি ইউনিটে ভাগ হয়ে গিয়েছিল ড্রোন বাহিনীর সদস্যরা। তারা প্রশংসনীয়ভাবে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার ক্ষমতা পঙ্গু করে দিয়েছিল।
এররোজভিডকা ইউনিট যুদ্ধের প্রথম দিনে কিয়েভের ঠিক উত্তর-পশ্চিমে হোস্টোমেল বিমানবন্দরে একটি রাশিয়ান বিমান হামলাকে পরাজিত করতে সাহায্য করেছে বলে দাবি করেছে। ড্রোন ব্যবহার করে প্রায় ২০০ রাশিয়ান প্যারাট্রুপারকে শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল বলেই তারা এই বিমানঘাঁটি ব্যবহার করতে পারেনি। বিশেষ এ ড্রোন ইউনিটটি গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের দিয়ে, ২০১৪ সালে। সেই সময় ক্রিমিয়া এবং দোনবাস অঞ্চলে প্রথম রুশ আক্রমণে প্রযুক্তিগত দক্ষতা দিতে স্বেচ্ছাসেবা শুরু করেছিল তারা। এর প্রতিষ্ঠাতা, ভলোদিমির কোচেটকভ-সুকাচ ব্যাংকার ছিলেন যিনি ২০১৫ সালে যুদ্ধেই মারা যান। কিন্তু তার ইউনিটটি এখনো টিকে আছে হোনচারের মতো সাবেক সৈনিক ও আইটি বিপণন পরামর্শদাতার হাত ধরে। ইউনিটটিকে ২০১৯ সালে ভেঙে দিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু রাশিয়ান আক্রমণের হুমকি দেখা দেওয়ায় গত বছরের অক্টোবরে এটি দ্রুত পুনরুজ্জীবিত করা হয়।
হোনচার বলেন, আমরা মৌমাছির মৌচাকের মতো। একটি মৌমাছি কিছুই নয়-তবে যদি আপনি হাজারের মুখোমুখি হন তবে এটি একটি বড় শক্তিকে পরাজিত করতে পারে। আমরা মৌমাছির মতো ঠিকই কিন্তু আমরা কাজ করি রাতের আঁধারে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051