বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে বহুবার রূপ বদল করে এই ভাইরাসটি। এর মধ্যে ডেল্টা প্রজাতির করোনাকে এখন পর্যন্ত ‘সর্বাধিক সংক্রামক’ বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস সতর্ক করে দিয়ে বলেছেন, টিকা না পাওয়া লোকজনের মাঝে এই প্রজাতিটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমি জানি- বিশ্বজুড়ে বর্তমানে ডেল্টা প্রজাতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এটি নিয়ে ডব্লিউএইচও-ও উদ্বিগ্ন।
করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরন প্রথমে ভারতে শনাক্ত হয়েছিল। জেনেভায় সংবাদ সম্মেলনে গেব্রেইয়েসুস বলেন, এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনাভাইরাসের প্রজাতিগুলোর মধ্যে ডেল্টাই সর্বোচ্চ সংক্রামক। যারা টিকা নেননি তাদের মধ্যেই এই প্রজাতিটি দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে।
বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধি পেলেও কিছু কিছু দেশে জনস্বাস্থ্য ও সামাজিক দূরত্ব বিধি শিথিল করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, বেশি রোগী মানে হাসপাতালে বেশি ভর্তি। এছাড়া এটি স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ তৈরি করছে। এর ফলে মৃত্যু ঝুঁকিও বাড়ছে।
কোভিড-১৯ এর নতুন প্রজাতিগুলো প্রত্যাশিতই এবং আরও নতুন প্রজাতি শনাক্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গেব্রেইয়েসুস বলেছেন, ভাইরাস এটাই করে, তাদের বিবর্তন ঘটে- তবে আমরা সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে ভ্যারিয়েন্টের উত্থান ঠেকাতে পারি।
গেব্রেইয়েসুস জানান, ডেল্টা ভ্যারিয়েন্টসহ করোনার অন্যান্য ধরনে আক্রান্তদের গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি অবিশ্বাস্য রকম কমাতে সক্ষম কোভিড-১৯ ভ্যাকসিন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051