
নেত্রকোনা প্রতিনিধি: ডেঙ্গুর মতো ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের বাঁচাতে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (নেবি) টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ও দাঁ হাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।
মাথায় সার্জিক্যাল ক্যাপ ও হাতে গ্লাভস পরে শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু করেন তিনি।
উপাচার্য বলেন, “আমি শিক্ষার্থীদের বার্তা দিচ্ছি, আমি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। আমি এখানে ভিসি হিসেবে নিজেকে প্রশাসক মনে করি না।”
তিনি বিশ্বাস করেন,নিজে কাজ করলে তাকে দেখে শিক্ষার্থীরাও উদ্বুদ্ধ হবে। প্রত্যেককেই ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব ও যত্নবান হতে হবে।ক্যাম্পাসে চলমান পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী চাইলেও এই কার্যক্রমে অংশ নিতে পারেনি,তবে পরীক্ষা শেষে সবাইকে নিয়েই পরিচ্ছন্নতা উৎসব চলবে বলে জানান তিনি।
মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। তবে উপাচার্যের লক্ষ্য আরও সুদূরপ্রসারী। তিনি চান পরিচ্ছন্নতা যেন শুধু তিন মাসের কোনো রুটিন কাজে আটকে না থাকে। বাড়ির আঙিনা, ফুলের টব থেকে শুরু করে ক্যাম্পাস- সবই যেন সারা বছর তকতকে থাকে।
উপাচার্য মনে করিয়ে দেন সেই শাশ্বত বাণী,“পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।” চারপাশ পরিষ্কার থাকলে মন প্রফুল্ল থাকে,আর ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে জীবন বাঁচাতে এর বিকল্প নেই। উপরওয়ালার ওপর ভরসা রাখার পাশাপাশি নিজেদেরও যে সজাগ ও সচেতন হতে হবে,সেই তাগিদই বারবার উঠে এসেছে ভিসি’র কণ্ঠে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051