
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে গত ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসার জন্য নড়াইল থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে নড়াইল পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ নড়াইলে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া বিভিন্ন পেশার মানুষও শোক জানিয়েছেন। মৃত্যুকালে মেয়র জাহাঙ্গীর বিশ্বাস তার স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নড়াইল সদর হাসপাতালের আরএমও ডাক্তার মশিউর রহমান বাবু জানান, গত ১৮ নভেম্বর মেয়র জাহাঙ্গীর হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারের নিচে নেমে আসলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকাপ্টার অ্যাম্বুলেন্স যোগে নড়াইল থেকে ঢাকায় স্কায়ার হাসপাতালে নেওয়া হয়।
তিনি ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে থাকার পর আজ দুপুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মেয়র জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে প্রায় ২৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাখারণ সম্পাদক ও সাবেক পৌরসভার কাউন্সিলর সহ বর্তমানে সদর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়েরমন্ত্রী, নড়াইলের জেলা প্রশাসন, নড়াইল প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
এছাড়া নড়াইল সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক বহুমুখি সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এক শোক বর্তায় জানান মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের এই অকাল মৃত্যুর সংবাদ শোনার পরপরে জমি রেজিষ্ট্রি সংক্রান্ত সকল কর্মকাণ্ড স্থগিত রাখেন এবং সকল লেখকরা তার সম্মানে কলম বিরতি পালন করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস