ভিন্নবার্তা প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রতি ওয়ার্ডকে দশটি সাব-জোনে ভাগ করে সকল শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে ডে কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে রিলিফ বিতরণ করোনা, ডেঙ্গুসহ সকল সমস্যা মোকাবেলা করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। মন্ত্রী বলেন, এই কমিটিগুলোকে সক্রিয় রাখলে যেকোন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরভবনে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসরদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বসিয়ে মুক্তিযোদ্ধাদের পরিবর্তে রাজাকারদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
বিএনপি ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ধ্বংস করে দেয়ার পাশাপাশি প্রকৃত ইতিহাসকে বিকৃত করার চেষ্টায় লিপ্ত ছিলো উল্লেখ করে আরো মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে স্বাধীন দেশের লাল সবুজের পতাকা ব্যবহারের সুযোগ করে দিয়েছে। স্বাধীনতার সুফল যেন বাঙালির না পায় সে চেষ্টাই করে গেছে বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা।
ডিএনসিসি’র মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। এছাড়া, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য ,ব্যবসা-বাণিজ্য, চাকরি এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত করে নির্যাতিত ও নিগৃহীত তৃতীয় শ্রেণীর নাগরিক রূপান্তরিত করার মাধ্যমে পাকিস্তান বাঙালিদের ক্রীতদাস করে রেখেছিলো। এর থেকে মুক্ত করতেই আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন জাতির পিতা। এনে দিয়েছেন স্বপ্নের স্বাধীনতা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051