মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশে ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৪৩ জন, ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং অন্যান্য বিভাগে ১১ জন।
এ নিয়ে চলতি বছর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৪৪ জনে। এদের মধ্যে মারা গেছে ৫৬ জন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর। ওই বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৯ হাজার ১৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ২৪৭ জনের।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিত্সাধীন আছে ৬৪৬ জন। ঢাকা মহানগরে ৩৫৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ২৮৮ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বরগুনা ও নরসিংদী জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের ৩৯.৫ শতাংশ ঢাকা মহানগর ও ৬০.৯৫ শতাংশ ঢাকার বাইরের।
মৃত ব্যক্তিদের মধ্যে ৭২ শতাংশ ঢাকা ও ২৮ শতাংশ ঢাকার বাইরে।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ শতাংশ নারী ও ৬১.৮ শতাংশ পুরুষ। মৃত ব্যক্তিদের মধ্যে ৫০.৯ শতাংশ নারী ও ৪৯.১ শতাংশ পুরুষ।
দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর।
ওই বছর আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051