ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র প্যানেল নির্বাচিত করা হয়েছে। এতে ৪৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর মোঃ শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত ১ আসনের ফারজানা ইয়াসমিন বিপ্লবীকে মেয়র প্যানেল নির্বাচিত করা হয়। সোমবার ডিএসসিরি ২য় পরিষদের ২য় সভায় এই মেয়র প্যানেল নির্বাচন করা হয়। মেয়র প্যানেল নির্বাচনে উল্লেখিত ৩ জনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদেরকে নির্বাচন করেন।
এ সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সিটি কর্পোরেশনকে যেমনি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চাই, তেমনি আইন অনুযায়ী পরিচালিত করতে চাই। আইনের কোনো ব্যত্যয় হোক সেটা আমরা চাইনা।
মেয়র কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষকে সেবা দেয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সেজন্য নতুন সময় সূচি অনুযায়ী ডিএসসিসি'র সকল ওয়ার্ডে যে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ইতোমধ্যে তা জনগণের মাঝে আশার সঞ্চার করেছে এবং জনগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করছে। এই সাফল্যের দাবিদার আপনারাই। এই কার্যক্রমকে সফল করতে আপনারা নিরলস পরিশ্রম করছেন বলেই আমরা নতুন করে ডিএসসিসিকে গড়ে তোলার যে রূপকল্প হাতে নিয়েছি, তা বাস্তবায়নও গতি পেয়েছে।
এ সময় তিনি বোর্ড সভার আলোচ্য সূচি এবং আগামী দিনে ডিএসসিসিকে ঢেলে সাজানোর পরিকল্পনা ও রূপকল্প উপস্থাপন করেন এবং কাউন্সিলরগণ তাতে একযোগে একাত্মতা প্রকাশ করে সেই রূপকল্প বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য যে, পাঁচ বছরেরও অধিক সময় পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বোর্ড সভায় অনুমোদনের এবারই প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হলো।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051