নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর হাটগুলো পরিষ্কার এবং কোরবানি শেষে পাড়া-মহল্লা থেকে পশুর বর্জ্য অপসারণের জন্য পরিবহন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, ড্রাইভার, মেকানিক ও অপারেটরের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শুক্রবার (৩১ জুলাই) থেকে আগামী সোমবার (৩ আগস্ট) পর্যন্ত এদের সব ধরনের ছুটি বাতিল থাকবে। ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ছুটি বাতিল করা হয়।
এছাড়া, ডিএসসিসি সচিব স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশের মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোল রুম স্থাপন ও ডিএসসিসি’র মাঠপর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে।
আদেশে বলা হয়, ঈদের দিন ১ আগস্ট থেকে আগামী ৪ আগস্ট ২টা পর্যন্ত ডিএসসিসি’র ১০টি ওয়ার্ডের জন্য গঠিত ১০টি টিম কোরবানির পশুর হাট ও কোরবানিতে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ সরেজমিন মাঠপর্যায়ে সচিত্র মনিটরিং করবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা প্রতিটি টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণে নগর ভবনের শীতলক্ষ্যা হলে গত ২৯ জুলাই থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হলো— ০১৭০৯৯০০৭০৫।
আগামী ৪ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলমান থাকবে। কন্ট্রোল রুমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তিন শিফটে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিকদের বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য সরাসরি ডিএসসিসিকে জানাতে কন্ট্রোল রুমে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051