চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার (৪০)। তবে প্রথমে তার লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষা শেষে লাশ শনাক্ত করে সোমবার রাতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ৮টায় নিহতের গ্রাম কচুয়ার সিংআড্ডা নিজ বাড়িতে হাজারও মানুষের উপস্থিতিতে ইমরান হোসেন মজুমদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
জানাজার পূর্বে তাকে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে তার জানাজায় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই হাজারের অধিক মানুষ হাজির হন। অনেকেই আশপাশের গ্রাম থেকে ছুটে আসেন জানাজায় অংশগ্রহণ করার জন্য।
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে উদ্ধারকাজে যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন তিনি। পরে পরিবারের লোকজন সেখানে গেলেও লাশ শনাক্ত করতে না পারায় লাশ ফিরিয়ে আনতে পারেননি। সোমবার ডিএনএ পরীক্ষা শেষে রাতেই লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নিহতের পরিবার।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীমউদ্দীনের তত্ত্বাবধানে সোমবার রাতে কুমিল্লা থেকে নিহত ইমরান হোসেন মজুমদারের মরদেহ চাঁদপুরে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
উল্লেখ্য, ইমরান মজুমদার ২০০১ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি কচুয়া উপজেলার উত্তর কচুয়ায় ইউনিয়নের সিংআড্ডা গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। এছাড়াও তার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদসহ এলাকাবাসী জানান, ইমরান হোসেন মজুমদার অত্যন্ত ভদ্র ও ভালো একজন মানুষ ছিলেন। তিনি সব সময় এলাকায় আসলেই সবার সঙ্গে ভালো ব্যবহার ও খোঁজখবর নিতেন। তার মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051