ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নমুনা সংগ্রহের ৫৫ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৫৭ জনের মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার ডিআরইউ এ তথ্য জানিয়েছে।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির দফতর সম্পাদক মো. জাফর বলেন, ঢাকায় কর্মরত সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ডিআরইউতে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের এই কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়। ব্র্যাকের সহযোগিতায় এই বুথ পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, গত শনিবার ডিআরইউ থেকে ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পাঠানো ফলাফলে তাদের মধ্যে ২৮ জনের পজিটিভ ফল এসেছে। আজ মোট ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগামী শনিবার তাদের রিপোর্ট পাঠানো হবে বলে জানান তিনি।
ডিআরইউ কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বলেন, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ডিআরইউতে বুথ স্থাপন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের অধীনস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে ফলাফল পাঠানো হয়। এরপর তা এসএমএসের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হয়। সরকারি এ প্রতিষ্ঠান থেকে ফল পেতে চার থেকে পাঁচদিন লেগে যায়। এ কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়।
তিনি বলেন, হঠাৎ করে ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এখন থেকে সপ্তাহে একদিনের বদলে দুদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত ২০ দিন ধরে ঢাকায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ৫০ শতাংশের বেশি ব্যক্তির শরীরে করোনা পজিটিভ ধরা পড়ছে। আজ ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে সংরক্ষিত নমুনার ফলাফল পাঠানোর দাবি জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051