যশোরের মনিরামপুরে প্রেমের সম্পর্কের জেরে মেয়ের পরিবার পারভেজ হাসান (১৯) নামে এক যুবককে ধরে গাছে বেঁধে নির্যাতনের পর পিটিয়ে হত্যা করেছে। যুবকের পরিবার গরিব হওয়ায় এ সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনকালে জোর করে ওই যুবকের মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে যুবকের স্বজনদের অভিযোগ। উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়ার আগে নিহত যুবক পারভেজ হাসান হাসপাতালের বেড়ে শুইয়ে একটি ভাষ্যে জোর করে মুখে বিষ ঢেলে দেওয়ার কথা বলে গেছেন। যার একটি ভিডিও রেকর্ড এই প্রতিবেদকের কাছে পৌঁছেছে। এ ঘটনায় মেয়ের পিতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ইসমাইল হোসেনের ছেলে পারভেজ হাসান শৈশব থেকেই নানার বাড়িতে থেকে পড়াশুনা করে আসছিল। পারভেজ গেল বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। চলতি বছর তার বিদেশে যাবার কথা ছিল। এজন্য পাসপোর্টও করা হয়। নানার বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী গ্রাম্য ডাক্তার ডা. ইমরান হোসেনের মেয়ে রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যুবকের পরিবার গরিব হওয়ায় এ সম্পর্ক মেনে নিতে না পেরেই রিয়ার পিতাসহ স্বজনরা পারভেজ হাসানের ওপর মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে মুখে কীটনাশক ঢেলে দেয় বলে অভিযোগ।
পারভেজের নানা সিদ্দিক ব্যাপারী, মা কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ২১ জানুয়ারি সকালে প্রতিবেশী ইমরানের মেয়ে রিয়া বাড়ি থেকে চলে যায়। ঘটনার দুই দিন পর রিয়াকে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার একটি গ্রাম থেকে উদ্ধার করে। তাদের নাতি পারভেজ হাসান বাড়িতেই ছিল। ২৩ জানুয়ারি আসরের পর বাড়ি থেকে স্থানীয় রোহিতা বাজারের উদ্দেশ্যে বের হলে পিতাসহ রিয়ার স্বজনরা তাদের নাতি পারভেজ হাসানকে টেনেহিঁচড়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে ধরে নিয়ে যায়। সেখানে গাছে বেঁধে মিজানুর রহমানসহ রিয়ার স্বজনরা পারভেজের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।
তারা জানান, খবর পেয়ে সন্ধ্যায় মিজানুর রহমানের বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় পারভেজকে দেখেন। আর না মারতে নির্যাতনকারীদের দুই পা জড়িয়ে ধরেন তারা। একপর্যায়ে সেখান থেকে পারভেজকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শুক্রবার ফের রিয়ার পিতাসহ কয়েকজন মিলে পারভেজকে বেধড়ক মারপিট করে মুখে কীটনাশক ঢেলে দেয়। মারপিট করে পাশের একটি ডোবায় ফেলে দেওয়ার চেষ্টাকালে পারভেজ সেখান থেকে দৌড়ে পালিয়ে আসলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে পারভেজকে খুলনার আড়ইশ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে পারভেজ মারা যায়। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি পারভেজ হাসানের নানা সিদ্দিক ব্যাপারী বাদী হয়ে থানায় মামলা করেন।
পারভেজের খালা জাহানারা বেগম জানান, হাসপাতালে তার কোলেই পারভেজ মারা যায়। মারা যাবার আগে হাসপাতালের বেডে শুইয়ে পারভেজ হাসান জানায়, তাকে মেরে জোর করে মুখের ভিতর বিষ ঢেলে দেওয়া হয়। পারভেজের ভাষ্যটির একটি ভিডিও রেকর্ড স্বজনরা ধারণ করে রাখেন। যার একটি কপি এই প্রতিবেদকের কাছে পৌঁছেছে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়ার পিতা ডা. ইমরান হোসেন ও তার (ইমরান হোসেন) মামা সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ।
সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তিনি মারপিটের সঙ্গে জড়িত নন। মেয়ের পরিবারের লোকজন ছেলেটিকে ধরে তার বাড়িতে এনেছিল।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মেয়েপক্ষ ছেলেটিকে চড়-থাপ্পড় দিলে তিনি ঠেকিয়ে ছিলেন।
থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়ের পিতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051