
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে এক ইটভাটা ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের সদস্যরা ৪৫ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডসহ নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ওই মহাসড়ক সংলগ্ন হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর মিরের গ্রামের ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ির রশিদা ভিলায় ব্যবসায়ী মো. আনোয়ার কোম্পানির বসতঘরে এই ডাকাতি সংঘটিত হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাত কবলিত ব্যবসায়ী মো. আনোয়ার কোম্পানি হাটহাজারী ইটভাটা মালিক সমিতির সভাপতি। ডাকাতির সময় ব্যবসায়ী আনোয়ার কোম্পানি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন।
সরেজমিনে গেলে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ব্যবসায়ী আনোয়ার কোম্পানি সাংবাদিকদের বলেন, শুক্রবার দিবাগত রাতে বসতঘরের কলাপসিবল গেইট ও দরজা না ভেঙে চাবি দিয়ে তালা খুলে হাফ প্যান্ট ও মুখোশ পরা এবং হাতে গ্লাভস পরিহিত ৭-৮ জন সশস্ত্র ডাকাত বসতঘরে হানা দেয়। ধারণা করছি, ডাকাতি সংঘটিত হওয়ার আগে ডাকাত দলের কোনো একজন সদস্য আমাদের অজান্তে আমার বসত ঘরের ভেতরে ঢুকে ছিল। ডাকাত দলের ৩-৪ জন সদস্য প্রথমে আমার কক্ষে প্রবেশ করে অস্ত্রের (চাপাতি, কিরিস ও রড) মুখে জিম্মি করে আমাকে ও আমার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে।
এরপর অন্যান্য রুমে প্রবেশ করে আমার দুই ছেলে ও মেয়েকে আমার কক্ষে নিয়ে আসে এবং তাদেরকেও হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাত দলের সদস্যরা আমি ও আমার ছেলের বসতঘরের আলমারির ড্রয়ারে রক্ষিত ৪৫ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডসহ নগদ ২৫ লাখ টাকা লুট করে।
এছাড়া ডাকাত দলের সদস্যরা আমার ও পরিবারের সদস্যদের ১২টি মোবাইল একটি কাপড়ে বেঁধে ঘরের একটি ড্রামে ফেলে রেখে দেয়। প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালিয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় আমাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। তবে লুণ্ঠিত তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি পার্শ্ববর্তী উপজেলা রাউজানের গহিরায় এলাকার উত্তর সর্তা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার কোম্পানি।
খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায়। হাটহাজারী সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. জাহাঙ্গীর আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মো. মনির হোসেনসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটির কিছুটা আলামত আমরা পেয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী ইটভাটা ব্যবসায়ী আনোয়ার কোম্পানিকে থানায় মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। ঘটনাটি চুরি, নাকি ডাকাতি পুলিশি তদন্তে তা বেরিয়ে আসবে বলে তিনি জানান।
এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি বলে জানিয়েছেন কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মুজিবুল হক।
ভিন্নবার্তা ডটকম/আর