
ডলারের দর আরও ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। বুধবার (৩১ অক্টোবর) থেকে রেমিট্যান্স ও রপ্তানিকারকদের থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনবে ব্যাংক। আর ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে। এতে আন্তঃব্যাংকে (এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের কাছে বিক্রি) ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। এর আগে ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত ছিল।
মঙ্গলবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এর যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়। প্রতি ডলার বিক্রি ও কেনায় ৫০ পয়সা দর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, এবিবি-বাফেদা সূত্র নিশ্চিত করে।
সোমবার ডলার সংকট থেকে উত্তরণে করণীয়সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কয়েকটি ব্যাংকের এমডির সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে জানায়নি।
এবিবি-বাফেদার বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব ব্যাংকের মাধ্যমে মাসে ২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে, সেসব ব্যাংক অন্তত ১০ শতাংশ আন্তঃব্যাংকে বিক্রি করবে। আর আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা।
দেশে রয়েছে তীব্রতর ডলার সংকট। বৈদেশিক এ মুদ্রার সংকটে অনেক ব্যাংক আগের দেনা পরিশোধ করতে পারছে না। এ পরিস্থিতিতে গত ২১ অক্টোবর এবিবি ও বাফেদার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রতি ডলার কিনতে নির্ধারিত ১১০ টাকার সঙ্গে আরও আড়াই শতাংশ বেশি দেওয়ার।
গত বছরের মাঝামাঝি ১১৪ টাকায় উঠে যায়। মূলত করোনা পরিবর্তী আমদানি দায় বেড়ে যাওয়া, এরপর আসে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি। এ সংকট দূর হওয়ার পরিবর্তে বেড়ে যায়। ডলারের দর নির্ধারণ থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। পরে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করে আসছে এবিবি-বাফেদা। শুরুতে রেমিট্যান্সে ১০৮ ও রপ্তানিতে ৯৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ধীরে ধীরে উভয় ক্ষেত্রে ডলার কেনার দর অভিন্ন করা হয়।
অন্যদিকে ডলার সংকটে বাজার ঠিক রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে এরই মধ্যে সাড়ে ৪ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। আর গত অর্থবছরে বিক্রি করা হয়েছে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে বিক্রি করা হয়েছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর রিজার্ভ থেকে ডলার বিক্রির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২১ সালের আগস্টে যেটা ছিল রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের ঘরে।
ভিন্নবার্তা/এমএসআই