প্রকল্পের কাজ চলমান থাকাবস্থায় ঠিকাদার ও প্রকৌশলীর সঙ্গে প্রমোদ ভ্রমণে বেরিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। কক্সবাজারের বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে তাদের জলকেলির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় চলছে গোদাগাড়ীসহ গোটা রাজশাহীতে।
জানা গেছে, গোদাগাড়ী প্রথম শ্রেণীর একটি পৌরসভা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত পৌরসভায় নাগরিক পরিসেবা বলতে এখনও কিছু নেই। নিজস্ব আয় না থাকায় ৩৮ জন পৌর কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা নিয়মিত হয় না। দায়-দেনাও বহু। এর মধ্যে হাটঘাট বিক্রির টাকায় মেয়রের জন্য কেনা হয় আড়াই কোটি টাকার পাজেরো গাড়ি। গত ২১ এপ্রিল ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত জানুয়ারিতে নির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবু। তারপর থেকেই প্যানেল মেয়র-১ মোহাম্মদ ওবাইদুল্লাহ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবুর মৃত্যুর পর থেকেই ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ঠিকাদার ও একজন প্রকৌশলীকে সঙ্গে নিয়ে কক্সবাজারে আছেন প্রমোদ ভ্রমণে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ী পৌর এলাকায় প্রায় ১২ কোটি টাকার চলমান একটি সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের কাজ করছেন ঠিকাদার আকবর আলির প্রতিষ্ঠান সোনিয়া এন্টারপ্রাইজ। গত ২৩ আগষ্ট পৌরসভার মাসিক সভা হওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগে সভার নোটিশও জারি করা হয়। কিন্তু মন্ত্রণালয়ে কাজ আছে জানিয়ে সভাটি একদিন আগে স্থগিত করে গত ২২ আগষ্ট বিকালের ফ্লাইটে ভারপ্রাপ্ত মেয়র ওবাইদুল্লাহ, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সারোয়ার জাহান মুকুল এবং ঠিকাদার আকবর আলী রাজশাহী থেকে ঢাকায় যান। ঢাকায় তিনদিন অবস্থানের পর ২৫ আগষ্ট বিকালের ফ্লাইটে তারা আনন্দ ভ্রমণে কক্সবাজার পৌঁছান। উঠেন কক্সবাজারের বিলাসবহুল রিসোর্ট হোটেল সি-গলে। শনিবার দুপুর পর্যন্ত তারা কক্সবাজারেই অবস্থান করছিলেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছেন বলে জানা গেছে।
২৬ আগষ্ট সকাল থেকে তারা নিজ নিজ ফেসবুক আইডিতে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট শুরু করেন। পোষ্ট করেন সি-গলের সুইমিং পুলে জলকেলির ছবি।
এদিকে ঠিকাদারকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত মেয়রের এই আনন্দ ভ্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন পৌরবাসীর অনেকেই। পৌরবাসীসহ অনেক কাউন্সিলরের প্রশ্ন-মেয়র চলমান প্রকল্পের একজন ঠিকাদারের সঙ্গে কক্সবাজারে প্রমোদ ভ্রমণ করছেন কীভাবে, কোন নৈতিকতায়?
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ছবিগুলিতে দেখা গেছে, বিলাসবহুল রিসোর্ট হোটেলে সি-গলের সুইমিং পুলের নীল জলে জলকেলি করছেন মেয়র ওবাইদুল্লাহ, প্রকৌশলী ও পৌর সচিব সারোয়ার হোসেন মুকুল এবং ঠিকাদার আকবর আলি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি-এলজি) শাহানা আখতার জাহান যুগান্তরকে বলেন, ঠিকাদারকে সঙ্গে নিয়ে মেয়র ও ইঞ্জিনিয়ারের আনন্দ ভ্রমণে বের হওয়া দাপ্তরিকভাবে নৈতিকতাবিরোধী ও বিধিসম্মত নয়। এ নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারেন। প্রশ্ন তোলাটাও যৌক্তিক। যেখানে ওই ঠিকাদার বর্তমানে পৌরসভার একটি বড় প্রকল্পের কাজ করছেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট তথ্য প্রমাণসহ কেউ অভিযোগ করলে বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।
প্রকৌশলী ও ঠিকাদারকে সঙ্গে নিয়ে প্রমোদ ভ্রমণে থাকা গোদাগাড়ীর ভারপ্রাপ্ত মেয়র এম ওবাইদুল্লাহ এ বিষয়ে জানান, তারা একটু ঘুরতে গিয়েছেন। প্রথমে ঠিকাদার আকবর ও প্রকৌশলী মুকুলের সঙ্গে থাকার কথা অস্বীকার করলেও ফেসবুকে তাদের ছবি থাকার কথা বলার পর মেয়র বিষয়টি স্বীকার করেন।
চলমান প্রকল্পের ঠিকাদারের সঙ্গে আনন্দ ভ্রমণে থাকার কথাও প্রথমে অস্বীকার করেন পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সারোয়ার হোসেন মুকুলও। একসঙ্গে জলকেলির ছবি ফেসবুকে থাকার কথা বলার পর তিনি তা স্বীকার করেন। আর ঠিকাদার আকবর আলি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে পৌরসভার একাধিক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেকদিন ধরেই প্রকৌশলী মুকুলের সহায়তায় গোদাগাড়ী পৌরসভার প্রায় অধিকাংশ প্রকল্পের একচেটিয়া ঠিকাদারি পেয়ে আসছে আকবর আলির মালিকানাধীন সোনিয়া এন্টারপ্রাইজ। আকবর আলিকে সামনে রেখে কাজ নেওয়া দেওয়া হলেও প্রকৌশলী মুকুলও টেন্ডার সিন্ডিকেটের একজন অংশীদার। আন্ডারগ্রাউন্ড পত্রিকাতে অতি গোপনে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করে দীর্ঘদিন ধরে গোদাগাড়ী পৌরসভার সব ঠিকাদারি কাজ ভাগ-বাটোয়ারা করে আসছে শক্তিশালী এই সিন্ডিকেট। ফলে বাইরের কোন ঠিকাদার জানতেই পারেন না কখন কোন প্রকল্পের টেন্ডার হচ্ছে। এমনকি কাউন্সিলররাও তা আগে টের পান না। এভাবে সিন্ডিকেট করে প্রকৌশলী মুকুল বিপুল সম্পদ গড়ে তোলেছেন। রাজশাহী মহানগরীতে বানিয়েছেন বাড়ি। একই সঙ্গে নির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবুর মৃত্যুর পর বালুঘাট ইজারার ৭১ লাখ টাকাও ভুয়া প্রকল্প দেখিয়ে ভাগবাটোয়ারা করে নিয়েছেন ওবাইদুল্লাহ ও ইঞ্জিনিয়ার মুকুল।
ভারপ্রাপ্ত মেয়র ও প্রকৌশলী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051