রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলেন পারুল আক্তার নামে এক প্রসূতি।
শুক্রবার (৬ মে) দুপুর ১টার দিকে ট্রেনটি টাঙ্গাইলে পৌঁছলে পারুল আক্তারের প্রসব বেদনা ওঠে। পরে ওই ট্রেনের যাত্রী এক নার্স ও অন্য নারীদের সহায়তায় বাচ্চা প্রসব করানো হয়। পরবর্তীতে মা ও শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের কর্মকর্তা সূত্রে জানা যায়, নবজাতক জন্ম দেওয়া পারুল আক্তার রাজশাহী গোদাগাড়ীর তার এক আত্মীয়ের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। পথে ট্রেনটি টাঙ্গাইলে পৌঁছলে তার প্রসব বেদনা শুরু হয়। এ সময় তিনি বিচলিত হয়ে পড়েন। তবে পাশের সিটেই বসা ছিলেন দাউদকান্দির অ্যাপোলো প্লাস হাসপাতালের নার্স আলিফা সুলতানা সীমা। তার প্রচেষ্টায় চলন্ত ট্রেনেই ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন পারুল।
বিকাল পৌনে ৩টায় কমলাপুর স্টেশনে নামেন তিনি। তখন খবর পেয়ে স্টেশনে তাকে রিসিভ করেন তার স্বজনরা। এ ছাড়া কমলাপুর স্টেশন প্লাটফর্মে ছুটে আসেন রেলওয়ে হাসপাতালের চিকিৎসক। পরে মা ও নবজাতককে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আমিও শুক্রবার সিল্কসিটি ট্রেনের যাত্রী ছিলাম। তবে ওই প্রসূতি মা বাচ্চা প্রসবের আগেই পথে আমি নেমে গেছি। যে কারণে ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারিনি। আমাদের দেশের অনেক মা সন্তান গর্ভধারণের সময়কাল ঠিকমত হিসাব রাখেন না। ভাগ্যক্রমে ট্রেনে একজন নার্স ছিলেন। তিনি প্রসূতির বাচ্চা প্রসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051