করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট গ্রহণ শুরু হয়। ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের এ ভোট গ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে ফলাফল আসা শুরু করেছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷
মার্কিন সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এপি জানিয়েছে ২০৯ টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। প্রেসিডেন্ট ট্রাম্প পাচ্ছেন ১১৮টি ইলেকটোরাল ভোট।
কানেকটিকাট (৭), ডেলওয়ার (৩), ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩), ইলিনয় (২০), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউ জার্সি (১৪), নিউইয়র্ক (২৯), রোডি আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়ায় (১৩) জয় পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে অ্যালাবামা (৯), আরকানসাস (৬), ইন্ডিয়ানা (১১), কেন্টাটি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), নর্থ ডাকোটা (৩), ওকলোহোমা (৭), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩), কানসাস (৯) জয় পেয়েছেন ট্রাম্প।
এছাড়া সুইং স্টেট ফ্লোরিডা, মিশিগান, জর্জিয়া, টেক্সাস ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন ট্রাম্প। পেনসিলভানিয়ায়, ওহাইও, নিউ হ্যাম্পশায়ার এবং নর্থ ক্যারোলাইনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অঙ্গরাজ্যগুলো। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ভোটের পরিবেশ ছিল উৎসাহপূর্ণ ও ইতিবাচক। পরিস্থিতি ছিল অনেক শান্ত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করেন আমেরিকানরা।
করোনার কারণে এবার ভোটের আগেই ‘মেইল ইন অর্থ্যাৎ ডাক যোগে’ ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051