
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। ওয়ানডে দলে নিজের জায়গা ধরে রাখলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত হতে পারছেন না। তাই টি-টোয়েন্টি দলে ফিরে নিজের জায়গা পাকাপোক্ত করতে মরিয়া রুট। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য যত দ্রুত সম্ভব টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া। ছোট ফরম্যাটের দলে নিজের জায়গাটা পুনরুদ্ধার করতে চাই। কারণ আগামী দুই বছর দু’টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই দলে ফিরতে মুখিয়ে আছি আমি।’
করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর, গত ৮ জুলাই থেকে টেস্ট দিয়ে মাঠে খেলা গড়ায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি রুট। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় প্রথম টেস্ট সড়ে দাঁড়ান তিনি। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে দু’টি টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন রুট।
গত ২৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি শেষ হয়েছে। চারদিনের বিশ্রাম শেষে আবারো ক্রিকেট মাঠে ফিরেন রুট। ইংল্যান্ডের ঘরোয়া আসর ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি ইয়র্কশায়ারের হয়ে খেলতে নামেন। এবার খেলতে নেমেই ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন। তিন নম্বরে নেমে ব্যাট হাতে ৪০ বলে ৭ চার ২ ছক্কায় ৬৪ রান করেন। এরপর বল হাতে ২ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। তার দল ৯৯ রানে হারিয়েছে ডার্বিশায়ারকে।
ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে রুট বলেন, ‘আমি জাতীয় দলে ফিরতে চাই। এখনই হাল ছাড়ছি না। এই মূর্হুতে নিজের অবস্থান নিয়ে আমি বাস্তববাদী। আমি ভালো করলে, আবারো দলে সুযোগ পাবো। আমি চাই ইংল্যান্ড যে দল নিয়েই খেলুক না কেন, ভালো ফল করুক। আমি যদি সেরা একাদশ বা দলে না থাকি, তাতেও সমস্যা নেই। যারা খেলবে, তাদেরকেই আমি সমর্থন করব। আমার থেকে যদি ভালো কেউ খেলতে পারে, তবে তাকেই দলে নেওয়া উচিত।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ