টিকিট কাটার পরও বগি না থাকায় ঢাকা যেতে পারেননি একতা একপ্রেসের `ঝ' বগির যাত্রীরা। আগে থেকে কোনো ঘোষণা না দেওয়ায় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে মঙ্গলবার রাত ১১টা ১২ মিনিটের একতা এক্সপ্রেসের ঝ বগির যাত্রা বাতিল করা হয়।
রেল বিভাগ থেকে জানা যায়, ট্রেনটি দিনাজপুর হয়ে পঞ্চগড় থেকে ঢাকা যায়। 'ঝ' বগির আসন সংখ্যা ৯০টি। এর মধ্যে দিনাজপুর স্টেশনের জন্য বরাদ্দ ২০টি। মঙ্গলবার ১৮ মিনিট দেরিতে রাত সাড়ে ১১টায় একতা এক্সপ্রেস দিনাজপুর স্টেশন ছেড়ে যায়। তবে এতে যুক্ত ছিল না 'ঝ' বগি।
দিনাজপুর পৌর শহরের হিরাবাগান এলাকার সৌরভ অধিকারী বলেন, ‘আমি মোটরসাইকেলের পার্টস ব্যবসায়ী। মঙ্গলবার সকালে স্টেশনে গিয়ে টিকিট পাইনি। ঢাকায় যেতেই হবে। তাই দালালদের কাছ থেকে দ্বিগুণ দামে টিকিট কিনি। রাতে ট্রেনে ওঠার জন্য এসে দেখি, ঝ বগি নেই। পরে স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঝ বগির যাত্রা বাতিল করা হয়েছে। আমি তো চরম বিপদে পড়ে যাই।’
আরেক যাত্রী রাইহান ইসলাম বলেন, ‘আমার বাড়ি ঠাকুরগাঁও। ঢাকায় বাটারফ্লাইয়ের শোরুমে চাকরি করি। অনেক কষ্টে এক বন্ধুকে দিয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। আমাদের বগি না থাকায় অন্য বগিতে উঠতে হয়েছে।’
বগির বিষয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন কর্মকর্তা মোক্তার আলম বলেন, ‘রাত ৯টার দিকে লালমনিরহাট থেকে কন্ট্রোল অর্ডারে ঝ বগি বাতিলের বিষয়টি আমাদের জানানো হয়েছে। পঞ্চগড়ে বগিতে সমস্যা হওয়ায় ওই বগি আসতে পারেনি।
‘আমরা যাত্রীদের টিকিট ফেরত দিয়ে সমপরিমাণ টাকা নিয়ে যাওয়ার জন্য বলেছি। যাদের যাওয়া খুব দরকার তাদের অন্য বগিতে যেতে বলা হয়েছে। তবে তাদের বসার ব্যবস্থা আমরা করতে পারিনি।’
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051