চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন নায়িকা মুনমুন ও চিত্রনায়ক জায়েদ খানের একটি ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান মুনমুনের হাতে কিছু একটা দিচ্ছেন। এরপর এই নায়িকা তার ভ্যানিটি ব্যাগে কিছু একটা রাখছেন। এই ভিডিও সামনে আসার পর অভিযোগ উঠেছে- ভোটের জন্য মুনমুনকে টাকা দিয়েছেন জায়েদ খান।
এই ভিডিওকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ। তিনি অভিযোগ করেছেন নির্বাচনে ভোট কিনেছেন জায়েদ খান।
বিষয়টি নিয়ে ৩১ সোমবার বিএফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন করেন মুনমুন ও জায়েদ খান। সেখানে নিজেকে নির্দোষ দাবি করে মুনমুন জানান, এই অভিযোগের মধ্য দিয়ে তার মতো সিনিয়রকে অসম্মানিত করেছেন নিপুণ।
সংবাদ সম্মেলনে মুনমুন বলেন, ‘‘আমি যখন এফডিসিতে ঢুকি তখন শাহানূরের সঙ্গে দেখা হয়। সে আমার কাছে ভোট চায়। এরপর কথা হয় জেসমিনের সঙ্গেও। তাদের দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। আমি তাদের বলি, ‘ভোটের বিষয়ে চিন্তা করতে হবে না।’ এরপর দেখা হয় জায়েদের সঙ্গে। সে এগিয়ে এসে আমার হাতটি ধরে। আর তাদের প্যানেলের পোস্টারটি ধরিয়ে দেয়। আপনারা দেখবেন, তার সঙ্গে কথা বলতে বলতে আমি অপর হাতে ব্যাগ খুলে কিছু একটা রেখেছিলাম। এটা ছিল আমার কালো মাস্ক, টাকা নয়।’’ এসময় তিনি তার হাতে রাখা সার্জিক্যাল কালো মাস্ক সবাইকে দেখান।
মুনমুন আরও বলেন, ‘২০০৯ সালে আমি নির্বাচন করেছি, ইসিতে। আমাদের মধ্যে কখনোই টাকার বিষয়টি আসেনি। আমি খুবই দুঃখিত যে, ইউটিউব ব্যবসায়ীরা কয়টা টাকা কামাতে আমাদের সম্মান শেষ করে দিচ্ছে। আর ইউটিউবারদের মতো ব্যবসায়ীদের কথা নিপুণ কেন বিশ্বাস করবে?’
জায়েদ খান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘আমি নিজেও জায়েদের নামে অ্যালিগেশন শুনেছি। কিন্তু রিয়েলিটি হলো পেন্ডামিকে আমাদের পাশে দাঁড়িয়েছিল জায়েদরা। আমার খাদ্যদ্রব্যের প্রয়োজন নেই। কিন্তু তাও জায়েদ-মিশা ভাইয়েরা গিফট করেছেন। একটা কথা, জায়েদ শিল্পীদের ওপরে আঙুলে তোলেনি। সে-ই তো নেতা হবে। আর তুমি নিপুণ আমাকে দেশের মানুষের সামনে কালার করলে। তাহলে তুমি কীভাবে আমার নেতা হবে? আমি তোমার ওপর বিশ্বাস করবো কীভাবে? আমি তো তোমাদের শিল্পীদের একজন।’
সংবাদ সম্মেলনে জায়েদ খান বলেন, ভোট কেনার অভিযোগ মিথ্য এবং স্ক্রিনশট সুপার এডিটেড। তিনি বলেন, তাকে হেয় করতেই এগুলো করা হয়েছে। এর বিরুদ্ধে ডিজিটাল অ্যাক্টে মামলা করবেন বলেও জানান এই অভিনেতা।
মামলার বিষয়ে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, এই ঘটনায় তিনি যে মামলা করবেন সেখানে অভিনেত্রী নিপুণ হবেন প্রধান আসামি। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে যারা নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানান তিনি। জায়েদ খান আরও বলেন, আজ সোমবার রাতে বা আগামীকাল মঙ্গলবার তিনি সেই মামলা দায়ের করতে পারেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051