বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা ঝিনাইদহের এক সংসদ সদস্য’র তীব্র সমালোচনা করেছেন। শনিবার ঝিনাইদহ জেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তারা এই সমালোচনা করেন। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেন, গত অক্টোবরে শৈলকূপার ডাউটিয়া গ্রামে শতবর্ষী কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয় উপজেলা আওয়ামী লীগের জনৈক নেতার ছেলের ইন্ধনে। এ ঘটনায় হামলাকারীদের বাঁচাতে মরিয়া হয়ে পড়েছিলেন ওই জনপ্রতিনিধি। তিনি একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছেন। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা এমন ঘটনা ঘটিয়েছে তারা কখনোই আওয়ামী লীগের মঙ্গল চান না।
এ সকল নেতারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য সব সময় ব্যস্ত থাকেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবী জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সংখ্যালঘুদের জমি দখল, বাড়ীঘর ভাংচুর, মন্দিরের প্রতীমা ভাংচুর ও নির্যাতনকারীদের পৃষ্ঠপোষকতা করেন তাদেরকে আর যেন মনোনয়ন না দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক শুভাশীস বিশ্বাস সাধন বলেন, খুব দুঃখ লাগে আমরা যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করি তারা যখন ওই সকল দূর্বৃত্তকারীদের পক্ষ নিয়ে থাকেন। যখন আওয়ামীলীগের একজন নির্বাচিত এমপি প্রতিমা ভাংচুরকারীদের পক্ষ নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে তাদের পক্ষাবলম্বন করেন।
তিনি আরো বলেন, যে সকল জনপ্রতিনিধি সংখ্যালঘুদের অধিকার ক্ষুন্ন করেছেন, মন্দিরে হামলাকারীদের পক্ষ নিয়েছেন, নির্যাতনকারীদের পক্ষ নিয়েছেন, আগামী নির্বাচনে যদি এই ধরনের কাউকে মনোনয়ন দেওয়া হয় অবশ্যই আমরা তাদের বর্জন করবো। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। সম্মেলন শেষে কনক কান্তি দাসকে পুনরায় সভাপতি ও বিনয় কৃষ্ণকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051