
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আক্কাস আলী মন্ডলের ছেলে ওসমান গনী, ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার নিমাই চন্দ্রের ছেলে পরিবহন ব্যবসায়ী অরুণ বিশ্বাস ও শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জেলা জজ আদালতের পেশকার বাদশা আলম।
ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান শুক্রবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। এছাড়া ঝিনাইদহে নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় ১০৭৫ জন আক্রান্ত হলেন। ইসলামী ফাউন্ডেশন সুত্রে জানা গেছে, অরুন কুমার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন চিলেন। এই অবস্থায় তিনি শুক্রবার মারা যান।
শৈলকুপার কবিরপুর গ্রামের বাদশা আলম জ্বর কাশি ও বুকে ব্যাথা নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পারগোপালপুর গ্রামের মোঃ ওসমান গণি করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ কেভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝিনাইদহে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আমিনুল ইসলাম, শৈলকুপায় ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রাজ্জাক ও মহেশপুর উপজেলায় ফিল্ড সুপারভাইজার মোঃ কামরুল হাছানের নেতৃত্বে মৃত ব্যক্তিদের দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত তারা ৩৯ জন ব্যক্তির লাশ দাফন করলেন।
ভিন্নবার্তা/এসআর