ক্যারিয়ারে নতুন অধ্যায়ের শুরুতেই গোল পেলেন ২০ বছর বয়সী তরুণ দেইয়ান কুলুসেভসকি। অনেক সুযোগ নষ্টের ভিড়ে শেষে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদোও। সাম্পদোরিয়ার ওপর পুরোটা সময় চাপ ধরে রেখে অনায়াস জয়ে মৌসুম শুরু করল ইউভেন্তুস।
ঘরের মাঠে রোববার রাতে সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে তুরিনের ক্লাবটি। তাদের অপর গোলটি করেন লিওনার্দো বোনুচ্চি।
ডাগআউটে আন্দ্রেয়া পিরলোর শুরুটা হলো জয়ে রাঙানো। মাওরিসিও সাররিকে সরিয়ে গত অগাস্টে সাবেক তারকা এই মিডফিল্ডারকে দায়িত্ব দেয় ইউভেন্তুস।
ইউভেন্তুসের জার্সিতে অভিষেকটা রাঙাতে একেবারেই দেরি করলেন না কুলুসেভসকি। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ডি-বক্সে রোনালদো বল হারালে পেয়ে যান তরুণ সুইডিশ এ মিডফিল্ডার, প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
ভাগ্য সহায় থাকলে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; রোনালদোর জোরালো শট ক্রসবারে বাধা পায়। ১০ মিনিট পর আবারও হতাশ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। অ্যারন র্যামজির শট প্রতিপক্ষের পায়ে প্রতিহত হয়ে বল যায় তার পায়ে, এবারও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে জানলুকা ফ্রাবোত্তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান সাম্পদোরিয়া গোলরক্ষক। ৫৮তম মিনিটে আবারও ব্যর্থ রোনালদো; আট গজ দূর থেকে তার বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
৭৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ইউভেন্তুস। কর্নারে তাদের প্রথম প্রচেষ্টা গোলরক্ষকের বুকে প্রতিহত হওয়ার পর খুব কাছ থেকে জালে বল ঠেলে দেন বোনুচ্চি।
পাঁচ মিনিট পর ভয়চেখ স্ট্যাসনির নৈপুণ্যে জাল অক্ষত থাকে ইউভেন্তুসের। আলবিন একদালের হেড দারুণ ক্ষিপ্রতায় ঠেকান পোলিশ এই গোলরক্ষক।
৮৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পান রোনালদো। র্যামজির পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
প্রথম রাউন্ডে আরও জিতেছে জেনোয়া, নাপোলি ও ফিওরেন্তিনা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051