আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও নতুন পদ্ধতিতে রূপান্তরের সুবিধার্থে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে ‘দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-এর ১১এ ধারা এবং ‘দ্য স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪’-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সরকারি এ-চালান ব্যবস্থার ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল তৈরি করতে হলে কাটিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
আর বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করলে রসিদের মুদ্রিত কপি পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর লিখতে হবে।
প্রজ্ঞাপনে বাল্ক বা একযোগে একাধিক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের পক্ষে শুল্ক পরিশোধ করা হবে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, জাতীয় পরিচয়পত্র নম্বর, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।
এনবিআর মনে করে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান ব্যবস্থা চালু হলে স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত ব্যয় কমবে। পাশাপাশি স্ট্যাম্প বিক্রি ও বিতরণে কমিশন বাবদ সরকারের ব্যয় সাশ্রয় হতে পারে ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051