এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পরও হতদরিদ্র পিতৃহীন সুমাইয়াসহ তার পরিবারের সদস্যদের চোখ ভরা ছিল জল। জরাজীর্ণ ঘরটিই জানান দিচ্ছিল, ভালো ফলাফল করেও অর্থনৈতিক কষ্টে লেখাপড়াই বন্ধের উপক্রম। সংবাদ মাধ্যমে বিষয়টি জেনে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সুমাইয়ার লেখাপড়ার দায়িত্ব নেন। আশ্বাস দেন নিজ অর্থে বাড়িটি সংস্কারের।
সেই বাড়িটি সংস্কার শেষে এখন টাইলস সমৃদ্ধ, সম্পূর্ণ পাকা ঘর। শুক্রবার সকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অদম্য মেধাবী সুমাইয়ার বাড়িতে যান। খোঁজ খবর নেন লেখাপড়ার। লেখাপড়া চালিয়ে যেতে দেন নির্দেশনা। চিফ হুইপের এমন মানবিক কাজে বিমুগ্ধ এলাকাবাসী। চিফ হুইপের এই উদ্যোগ দেশের জনপ্রতিনিধি ও নেতাদের জন্য শিক্ষামূলক বলে দাবী শিক্ষক সমাজের।
সুমাইয়ার বড় বোন তাসলিমা আক্তার বলেন, সুমাইয়া অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। সে ভালো ফলাফল করলেও অভাবের কারণে কলেজে পড়া নিয়েই অনিশ্চয়তায় ছিলাম। ফলাফলের পর এ খবর পেয়ে চিফ হুইপ মহোদয় তার কলেজ ভর্তিসহ লেখাপড়ার সব ব্যবস্থা করে দিয়েছে। তিনি আমাদের জরাজীর্ণ ঘরটিও টাইলস করে সংস্কার করে দিয়েছে। আমার বোনের ফলাফলের কারণেই আজ চিফ হুইপ আমাদের বাড়ি এসেছেন। আমরা গর্বিত।
সুমাইয়া বলেন, লেখাপড়াই বন্ধ হয়ে গিয়েছিল। কলেজে ফর্ম কেনার মতো সামর্থ্যও ছিল না। এমন সময় চিফ হুইপ স্যার খবর পেয়ে ম্যাজিকের মতো সব পাল্টে দিল। সবকিছু স্বপ্নের মত মনে হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. সামসুল হক বলেন, হতদরিদ্র অদম্য মেধাবীর পরিবারের প্রতি এমন মানবিক আচরণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্যর সৃষ্টি করেছে। চিফ হুইপ মহোদয়ের এমন দৃষ্টান্ত সারাদেশের সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দর অনুসরণ করা উচিৎ।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমন সংবাদের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুই বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সোনার মানুষ গড়ে তোলার লক্ষ্যেই আমরা সুমাইয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছি। সকলকেই এ ধরনের অদম্য মেধাবীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051