ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাত আলী অত্যন্ত বিনয়ী এবং জনপ্রিয় মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার (৪ জুলাই) বাদ জোহর হাজারীবাগে জিন্নাত আলীর জানাজার নামাজের আগে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
তাপস বলেন, ‘জিন্নাত আলী প্রবীণ আওয়ামী পরিবারের সুযোগ্য সন্তান, রজব আলীর সুযোগ্য সন্তান। তিনি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র ও জনপ্রিয় মানুষ ছিলেন। তার পিতার আদর্শ, তার পিতার কর্ম পরিপূর্ণভাবে ধারণ করা এবং হাজারীবাগের উন্নয়নের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি অকালেই আমাদের মাঝ থেকে চলে গেলেন।’
২০০৮ সাল থেকে প্রয়াত জিন্নাত আলীর সঙ্গে সুসম্পর্ক ছিল জানিয়ে শেখ তাপস বলেন, ‘এই দীর্ঘ সময়ে তাকে কারো সঙ্গে কখনোই জোরে কথা বলতে, রাগারাগি করতে দেখিনি আমি। সবার সঙ্গে মৃদুস্বরে ভদ্র ভাষায় কথা বলতেন। ‘না’ বললে না-টাও শোনা যেত না, তিনি এভাবেই কথা বলতেন। তার মৃত্যুতে আজ আমরা শোকাহত। হাজারীবাগ তার এক কৃতি সন্তানকে হারাল, অভিভাবককে হারাল, দল নেতাকর্মী নিবেদিতপ্রাণ এক নেতাকে হারাল।
এ সময় আবেগাপ্লুত ডিএসসিসি মেয়র বলেন, ‘হাজারীবাগ আসলে মনটা ভরে যায়। কিন্তু এভাবে প্রিয় মানুষের জানাজায় আসাটা খুব কষ্টকর।’
মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মেয়র বলেন, ‘আমরা সবসময় এই আওয়ামী লীগ পরিবারের পাশে থাকব এবং পরিবারটি যেন কখনোই অভিভাবকহীন মনে না করে সেজন্য আমরা সদা সজাগ থাকব।’
জানাজা শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন। পরে জিন্নাত আলীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051