মোস্তাফিজুর রহমান তারা রৌমারী (কুড়িগ্রাম):কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে পানিতে পড়ে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল্লাহ উপজেলার চর ইচাকুড়ি গ্রামের আরিফুল ইসলামের ছেলে এবং মির্জাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক দুপুর ১টায় বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। এ সময় নদী পারাপারের জন্য ব্যবহৃত চলাচল অযোগ্য একটি ভাঙা বাঁশের সাঁকোর ওপর উঠলে পা পিছলে নদীতে পড়ে যায় সে। ঘটনাস্থলে লোকজন না থাকায় দ্রুত পানির নিচে তলিয়ে যায়।
তার সঙ্গে থাকা মীম নামে এক শিশু দৌড়ে গিয়ে আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির পর আব্দুল্লাহকে উদ্ধার করে। পরে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আসাদার ও হারুনুর রশীদসহ কয়েকজন অভিযোগ করে বলেন, চর এলাকায় কোনো স্কুল না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জিঞ্জিরাম নদী পাড়ি দিয়ে প্রায় ২৫ জন কোমলমতি শিক্ষার্থী নদীর পশ্চিম পাড়ে মির্জাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। দীর্ঘদিন ধরে নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে দ্রুত নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051