ডিজিটাল নিরাপত্তা আইনে গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।
রোববার (১৩ মার্চ) প্রকাশিত হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চের সোমবারের (১৪ মার্চ) কার্যতালিকায় তার জামিন আবেদনটি শুনানির জন্য রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী গায়ক ইলিয়াস হোসাইন। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছরের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।
মামলার নথিতে ইলিয়াস আরও উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। একপর্যায়ে কল রিসিভ করেন গায়ক। ফোনে তাদের আলাপের মধ্যে প্রেম হয়।
প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051