
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ মে) উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রাকিব।
জামিনে মুক্তির পর রাকিবুল ইসলাম রাকিব জানান, মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ ৭৬ দিন কারাভোগের পর গতকাল সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আটক করা হয়েছিল। আমাদের বেশ কিছু নেতাকর্মী এখনও জেলে। তারা কোনো অন্যায় করেনি, শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা আজ বন্দি। সরকারের কাছে অনুরোধ অন্তত ঈদ উপলক্ষে হলেও তাদের মুক্তি দেওয়া হউক।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর কাঁটাবন এলাকা থেকে রাকিবকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এদিকে, রাকিবুল ইসলাম রাকিব কারাবন্দি হওয়ার পর সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নং যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনকে গত ১৮ মার্চ ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রাকিবুক ইসলাম রাকিব মুক্তি পাওয়ায় এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন আক্তার হোসেন।
ভিন্নবার্তা ডটকম/এন